ওঙ্কার ডেস্কঃ পালাবদলের বাংলায় ২১ জুলাই শহিদ স্মরণ নিয়েও দড়ি টানাটানি পরিস্থিতি। তিলোত্তমায় তিনটে শহিদ মঞ্চ হয়েছে এবার। একুশে জুলাইয়ের সভায় ‘কালীঘাট তৃণমূল’কে তীব্র কটাক্ষ করলেন ‘বিদ্রোহী’ তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের পালনের ধরন নিয়ে একের পর এক তোপ দাগলেন তিনি।
মঙ্গলবার ঋতব্রত মন্তব্য করেন, “শহিদ দিবসের মঞ্চ কোনও রিয়্যালিটি শোয়ের মঞ্চ নয়, কোনও ক্যাটওয়াকের জায়গা নয়। অথচ এতদিন এভাবেই পালিত হয়ে এসেছে। বাস থেকে নামিয়ে সেলিব্রিটিদের নিয়ে এসে মঞ্চ আলোকিত করার চেষ্টা চলেছে। নেতা-কর্মীরা সেখানে স্থান পেতেন না। সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করা তারকা বা সিনেমার কলাকুশলীরা মঞ্চে জায়গা পেতেন, আর যাঁরা আসল সংগঠন সামলান, রাজনৈতিক নেতা-কর্মীরা পিছোতে পিছোতে পিছনের সারিতে চলে যেতেন। মিথ্যে মামলা হলে জমি বিক্রি করে কর্মীদের মুক্ত করার জন্য যাঁরা লড়াই করতেন, তাঁদের মর্যাদা দেওয়া হয়নি।”
এদিনের সভা ঘিরে বিজেপি এবং বিরোধী শিবিরের বিরুদ্ধে বাধার অভিযোগও তোলেন তিনি। ঋতব্রতর দাবি, বিভিন্ন এলাকা থেকে তাঁদের সমর্থকরা যখন সভায় আসছিলেন, তখন তাঁদের উপর আক্রমণ করা হয়েছে এবং ভয় দেখিয়ে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।
এর পাশাপাশি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন ঋতব্রত। তিনি বলেন, “দিদি, কেন এত বছর পার হয়ে গেলেও ২১ জুলাইয়ের তদন্ত কমিশনের রিপোর্ট সামনে আসেনি?”