ওঙ্কার ডেস্কঃ চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দ্রুত শুনানির জন্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দৃষ্টি আকর্ষণ করলেন অভিষেক। তাতেই হাইকোর্টে খেলেন জোর ধাক্কা। বিচারপতি অভিষেকের দ্রুত শুনানির আবেদন ফেরালেন।
চোখের চিকিৎসা করাতে এক সপ্তাহের জন্য বিদেশ যেতে চান অভিষেক। অনুমতি চেয়ে মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। হাইকোর্টে এসে অভিষেকের আইনজীবী বিচারপতির কাছে আর্জি জানান, তাঁর মক্কেলের আবেদনের যেন দ্রুত শুনানি করা হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে দেন। বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, তালিকায় যত নম্বরে অভিষেকের মামলা রয়েছে, সেই অনুযায়ীই শুনানি হবে।
২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছিল অভিষেকের গাড়ি। ওই দুর্ঘটনায় চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং চোখের হাড় ভেঙে যায়। ওই দুর্ঘটনার পর থেকে চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। সেকারণে বিদেশে একাধিক বার চিকিৎসার জন্য গিয়েছেন।
পালাবদলের পর একের পর এক অভিযোগ উঠছে অভিষেকের বিরুদ্ধে। এখন আবার ডিজে হুমকি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর পরীক্ষা হবে। নমুনা নেওয়ার জন্য বিধাননগর আদালতে আবেদন জানিয়েছিল সিআইডি। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। আগামী ৩০ জুন আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেককে। এই পরিস্থিতিতে বিদেশ যাত্রার আবেদন নিয়ে হাইকোর্ট কী বলে, সেটাই দেখার।