ওঙ্কার ডেস্কঃ পালাবদলের পর একের পর এক তৃণমূলের নেতা, প্রাক্তন মন্ত্রী-বিধায়করা পর পর গ্রেফতার হচ্ছেন। এবার সেই লিস্টে নাম জুড়ল অতীন ঘোষের। কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে এবার জমি জালিয়াতির মামলা দায়ের হয়েছে। অতীন ঘোষ-সহ মেয়ে প্রিয়র্দশনী ঘোষ ও তাঁর জামাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। অতীন ঘোষকে বিধাননগর উত্তর থানায় তলব করা হয়েছে।
সূত্রের খবর, অভিযোগকারী বিধাননগরে বাসিন্দা এক ব্যবসায়ী। তাঁর একটি হোটেল রয়েছে। অভিযোগকারীর দাবি, ঘটনা ২০১৭ সালের। তাঁর কাছ থেকে জোর করে বাড়ি-সহ জমি কম টাকায় হাতিয়ে নেওয়া হয়েছিল। প্রভাব খাটিয়ে এবং ভয় দেখিয়ে জোর করে হাতিয়ে নেওয়া হয়। কলকাতা পুলিশ ওই মামলা বিধাননগর উত্তর থানায় পাঠিয়েছে।
তৃণমূল জমানার এমন বহু ঘটনা এখন প্রকাশ্যে আসছে। দুর্নীতি-সহ একাধিক অভিযোগে থানায় অভিযোগ দায়েরও হচ্ছে। পুলিশ তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করছে। এবার দুর্নীতি, জমি-বাড়ি হাতানোর অভিযোগে প্রাক্তন বিধায়ক অতীন ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের হল।