ওঙ্কার ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। দীর্ঘদিন ধরেই অভিষেকের অতি ঘনিষ্ঠ আইনজীবী তিনি। কিন্তু সে সম্পর্ক এখন আর নেই। আগেই অভিষেকের হয়ে মামলা লড়বেন না বলে জানিয়েছিলেন। আর এবার রাজনৈতিক এই উত্তপ্ত আবহে সেই সঞ্জয় বসুর সঙ্গে বৈঠক করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রায় দু’ঘণ্টা ধরে আলোচনা হয়েছে দু’জনের। তবে কী নিয়ে আলোচনা তা জানা যায়নি।
কয়লা পাচার, নিয়োগ দুর্নীতির মতো বড়-বড় মামলায় নাম জড়িয়েছে অভিষেকের। শুধু তিনি একা নন, কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দাদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁর স্ত্রীকেও। গোয়েন্দাদের মুখোমুখি হয়েছেন অভিষেকের বাবা এবং মা-ও। এই যাবতীয় বিষয় সবটাই জানা সঞ্জয়ের। তিনিই সব সামলেছেন।
কিন্তু ঠিক কী কারণে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করলেন, তা নিয়ে ধোয়াশা থাকছে।
বিধানসভা অধিবেশনে বেলেঘাটার বিধায়ক বিধায়ক কুণাল ঘোষের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। ভরা অধিবেশন থেকেই কুণাল তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন জানান, “যাঁরা-যাঁরা হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছেন, তাঁদের একটাকেও বাঁচতে দেবেন না।” মুখ্যমন্ত্রীও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
এই পরিপ্রেক্ষিতে সঞ্জয় বসু যখন বিদ্রোহী তথা নতুন তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন, তখন তা নিয়ে জল্পনা বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।