ওঙ্কার ডেস্ক: পালাবদলের পর তৃণমূলের নাজেহাল অবস্থা। এই পরিস্থিতিতে সংগঠন বাঁচিয়ে রাখতে একুশে জুলাইয়ের মঞ্চে নতুন বার্তাকে সামনে রেখে জমায়েত করতে চাইছে কালীঘাট তৃণমূল।
এবারের একুশে জুলাইয়ের আগে মহাসংকটে কালীঘাট তৃণমূল কংগ্রেস। দল ভাঙা দল তাদের কাজ করছে। একুশের মঞ্চ এবার যেন তাই কালীঘাট তৃণমূলের কাছে অস্তিত্ব রক্ষার শেষ হাতিয়ার। একুশে জুলাইয়ের নয়া মন্ত্র হল, ‘আমরা বেইমান নই।’
সূত্রের খবর, দলের যে সব নেতা কর্মীরা দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, বা এখনও আছেন অথচ সম্মান পাননি বা কাজ করার সুযোগ পাননি, তাঁদের এবারের একুশের সমাবেশে এনে সংগঠনের বাঁধুনি শক্ত করতে চাইছে তৃণমূল। যার প্রস্তুতি বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে।
উত্তর কলকাতা জেলা তৃণমূলের তরফে ‘আমরা বেইমান নই’ ব্যানারে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সভা ডাকা হয়েছে। যার মূল আয়োজক কুণাল ঘোষ। তিনি বলছেন, “যারা এতদিন দলের কাজ করেছেন, অথচ সম্মান পাননি, এবার একুশের সমাবেশ তাঁদের জন্য।”
উল্লেখ্য, উত্তর কলকাতা জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন বিদ্রোহী শিবিরে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়ে কুণাল দলের সংগঠনকে ঢেলে সাজাতে চাইছেন বলেই খবর।