ওঙ্কার ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জির আবেদনের ভিত্তিতে রবিবার বিশেষ বেঞ্চে বসছে কলকাতা হাই কোর্ট। সাধারণত রবিবার আদালতের ছুটি থাকলেও মামলার জরুরি গুরুত্ব বিবেচনা করে বিশেষ শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাতে আদালতের এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কার্যালয়ে বুলডোজার চালিয়ে ভাঙার কাজ শুরু হওয়ার পরই আদালতের দ্বারস্থ হয় অভিষেক। আবেদনে দাবি করা হয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই ওই কার্যালয় ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কারণে অবিলম্বে ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ চেয়ে হাই কোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করা হয়। আবেদনকারীদের দাবি, যদি আদালত দ্রুত হস্তক্ষেপ না করে, তবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে এবং পরবর্তীকালে সেই ক্ষতি পূরণ করা সম্ভব হবে না। রবিবার বিশেষ বেঞ্চ গঠন করে শুনানির নির্দেশ দেওয়া হয়। আদালতের এই সিদ্ধান্তের ফলে ছুটির দিনেও মামলাটির আইনি দিক নিয়ে বিস্তারিত শুনানি হবে। আবেদনকারী সংস্থার আইনজীবীরা ভাঙার প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি প্রশাসনের পদক্ষেপ আইনসঙ্গত ছিল কি না, সেই বিষয়েও আদালতে বিস্তারিত যুক্তি তুলে ধরা হবে।
অন্যদিকে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট নির্মাণটি বেআইনি হওয়ায় আইন মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। প্রয়োজনীয় নোটিস ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই এই পদক্ষেপ করা হয়েছে বলে প্রশাসনের বক্তব্য। অনুমতি ছাড়াই আগের দোকান পাট বন্ধ করে পাঁতলা তৃণমূলের পার্টি অফিস করার অভিযোগ তোলা হয়। আদালতে সেই সমস্ত নথিও পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে।