ওঙ্কার ডেস্কঃ বাংলায় পালাবদলের পর শিল্পের জোয়ার। হাওড়ায় তৈরি হচ্ছে আমুলের দইয়ের কারখানা। রবিবার আমুল বেঙ্গল ডেয়ারির দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান হবে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী তাপস রায়-সহ অন্যান্য বিশিষ্টরা। প্রসঙ্গত, এই মুহূর্তে এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় দই কারখানা।
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই শিল্প নিয়ে বড় বার্তা দেওয়া হয়। দিন কয়েকের মধ্যেই জানা যায়, গুজরাটের সংস্থা আমুল বাংলায় কারখানা দই কারখানা করবে। জানা গিয়েছে, আমুলের ওই কারখানাটিতে দৈনিক ১০ লক্ষ কেজি দই, লস্যি, সরবৎ এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য তৈরি হবে। জানা গিয়েছে, হাওড়ার সালকিয়া ফুড পার্কে ওই ডেয়ারি প্ল্যান্ট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাই হবে আমূলের প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন ডেয়ারি প্ল্যান্ট। সব মিলিয়ে প্রায় ৬৫০ কোটির বিনিয়োগ হবে।
এমনিতেই আমুল বাংলার সবচেয়ে বড় দুগ্ধ বিক্রয়কারী সংস্থা। দৈনিক ১০ লক্ষ লিটার দুগ্ধজাত পণ্য বিক্রি হয় ওই সংস্থার। এবার ওই উৎপাদন দ্বিগুণ হবে।
পালাবদলের পরেই শিল্পের আশা জাগিয়ে ১০০ দিনের মধ্যে ম্যাজিক দেখানোর বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর এহেন বার্তার কয়েক দিনের মধ্যেই বাংলায় বড়সড় বিনিয়োগের বার্তা। ইতিমধ্যেই হুগলির ডানকুনিতে লাক্স কোজি বিনিয়োগ করেছে। দিন কয়েক আগে বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে সেখানে। আর এবার হাওড়ায় আমুলের দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন।