ওঙ্কার ডেস্কঃ সাতসকালে গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুর দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে বাজারে যান পুরমন্ত্রী। বাজারের প্রত্যেকটি দোকান ঘুরে দেখেন। পাশাপাশি বাজারের অপরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ উগড়ে দেন। অগ্নিমিত্রা পাল জানান, নিজের দোকানের সামনের অংশ পরিষ্কারের দায়িত্ব ব্যবসায়ীদেরই। নোংরা দেখলেই দিতে হবে জরিমানা। পাশাপাশি বাজারের ভিতরে অবৈধ পার্কিং নিয়েও কড়া হুঁশিয়ারি দেন মন্ত্রী।
পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “বাংলার মানুষের প্রতি আমরা দায়বদ্ধ। আজ গড়িয়াহাট দিয়ে শুরু করলাম, প্রত্যেকটা বাজারে যাওয়া হবে। সব বাজারে পুরুষ-মহিলাদের বাথরুম করতে হবে। জল-কাদায় পিচ্ছিল মেঝেতে বিপদ এড়াতে বড় বড় স্লাব বসানো হবে। প্রত্যেকটি দোকানের গ্যাপে নালা তৈরি হবে, মাছ-মাংসের দোকানের নালাগুলি প্রতিদিন পরিষ্কার করতে হবে, দিনে তিনবার বাজার পরিষ্কার করবেন সাফাই কর্মীরা। যে দোকানের সামনে ময়লা, তাকে জরিমানা হবে। বাজারে কোনও ত্রিপল থাকবে না। ফায়ার সিস্টেমেও নজর দিতে হবে।”
বাজারে শেডের ব্যবস্থা করার করতে পুর দফতরকে নির্দেশ দেন মন্ত্রী। প্লাস্টিক ব্যবহার নিয়েও মন্ত্রীর কড়া হুঁশিয়ারি তাঁর। জানান, প্লাস্টিক ব্যবহার করলেই ২০০ টাকা জরিমানা। ত্রিপল ও প্লাস্টিকের ব্যবহার করলেই অড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। পাশাপাশি জানান, এবার থেকে বাজারে বাজারে বসবে ব্যাগের ভেন্ডিং মেশিন। কেউ ব্যাগ আনতে ভুলে গেলে মেশিন থেকে নির্দিষ্ট টাকা দিয়ে ব্যাগ কিনতে পারবেন। তবে কোনওভাবেই প্লাস্টিক ব্যবহার নয়। সেই সঙ্গে রাস্তাঘাটে আবর্জানা ফেললে, থুতু বা প্রস্রাব করলেও জরিমানার কথা আরও একবার স্মরণ করিয়ে দেন তিনি।
বাজারের ভিতরে সাইকেল নিয়ে ঢোকা বন্ধ করতে অগ্নিমিত্রার নির্দেশ, “প্রতিটা বাজারের বাইরে থাকবে নির্দিষ্ট সাইকেল স্ট্যান্ড। সেখানে দোকানদার ও ক্রেতারা সাইকেল, বাইক রাখতে পারবেন।’