ওঙ্কার ডেস্কঃ বেশ অনেক হাজিরা এড়ানোর পর গত ১৮ জুন থানায় হাজিরা দিয়েছিলেন অরূপ বিশ্বাস। সূত্রের খবর, সেদিনের জবাবে সন্তুষ্ট হননি তদন্তকারীরা। সে কারণে সোমবার তলব করা হয় তাঁকে। সেই তলবেই সাড়া দিয়ে মেসি কাণ্ডে দ্বিতীয়বার হাজিরা দিতে বিধাননগর দক্ষিণ থানায় পৌঁছলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী।
গত ১৭ মে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি, প্রতারণা ইত্যাদির অভিযোগ এনেছেন। সেই অভিযোগের ভিত্তিতে অরূপকে গত ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ। তবে তার আগেই বিধাননগর দক্ষিণ থানার সঙ্গে যোগাযোগ করেন প্রাক্তন মন্ত্রী। জানান, তিনি অসুস্থ। তারপর বেশ কয়েকবার হাজিরা এড়িয়েছেন অরূপ বিশ্বাস।
ইতিমধ্যে মেসি কাণ্ডে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন অরূপ। সেই আবেদন খারিজ হয়েছে। পরে তিনি আবেদন করেন কলকাতা হাই কোর্টে। যদিও পরে হাই কোর্টের তরফে জানানো হয়, তলবের ৪৮ ঘণ্টা আগে নোটিস দিয়ে অরূপ বিশ্বাসকে জানাতে হবে। একইসঙ্গে হাই কোর্ট জানিয়ে দেয়, তদন্ত চলবে তদন্তের মতোই। তবে পুলিশ গ্রেপ্তারের মতো কড়া পদক্ষেপ করতে পারবে না। আদালতের অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না অরূপ বিশ্বাস। এরপর গত ১৮ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন তিনি। তারপর আজ আবার হাজিরা দিলেন অরূপ বিশ্বাস।