ওঙ্কার ডেস্ক: খুন, ব্যাঙ্ক ডাকাতি থেকে অস্ত্র ছিনতাই, একাধিক অভিযোগে অভিযুক্ত ছিল বিহারের মোস্ট ওয়ান্টেড অপরাধী লালন সিং ওরফে লাল্লান। রবিবার রাতে পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে মৃত্যু হল তার। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশ ও বিহার জুড়ে একাধিক মামলায় অভিযুক্ত ছিল লালন।
সংবাদ মাধ্যমকে এসটিএফ-এর আধিকারিক অমিতাভ যশ জানান, ‘সারসাওয়া-নাকুর রোডে এসটিএফ-এর দল ওই অপরাধী ও তার সঙ্গীর পথ আটকায়। তখনই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গোলাগুলির সময় লালন সিং জখম হয়। তাঁকে দ্রুত উদ্ধার করে সারসাওয়ার কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় সাহারানপুরের জেলা হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের সমস্তিপুর জেলার মহিউদ্দিন নগর থানা এলাকার আনন্দগোলওয়া গ্রামের বাসিন্দা শিব শঙ্কর সিং-এর ছেলে লালন সিং। অপরাধমূলক বহু ইতিহাস রয়েছে তার। অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী ছিল লালন। বারাণসীর পুলিশ কমিশনার তার মাথার দাম ঘোষণা করেছিলেন ১ লক্ষ টাকা। পাশাপাশি চান্দৌলির পুলিশ সুপার ঘোষণা করেছিলেন আরও ২৫ হাজার টাকা।
রিপোর্ট অনুসারে, ২০২২ সালের ৮ নভেম্বর বারাণসীতে এক সাব-ইন্সপেক্টরকে গুলি করা এবং তাঁর সরকারি পিস্তল ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ছিল লালন। এছাড়া ২০২২ সালের ১ নভেম্বর চান্দৌলিতে গুলি চালিয়ে ডাকাতির ঘটনায়ও সে জড়িত ছিল। তদন্তকারীরা জানিয়েছেন, লালন সিং এবং তার দলবল বহু দিন ধরে ধারাবাহিক ও জঘন্য অপরাধমূলক কাজকর্মে জড়িত। অভিযোগ, একাধিক হত্যাকাণ্ড, ব্যাঙ্ক ডাকাতি এবং সরকারি অস্ত্র লুঠের মতো ঘটনা ঘটিয়েছে এই দল। দুজন সাব-ইন্সপেক্টর, একজন ব্যাঙ্ক ক্যাশিয়ার এবং একজন নিরাপত্তা রক্ষীকে হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এনকাউন্টের সময় সময় লালন সিং-এর এক সহযোগী ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়। তাকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।