ওঙ্কার ডেস্ক: নির্বাচনের আগে ইভি এম নিয়ে গুজব ছড়ানয় দিতে হল মাশুল। গ্রেফতার হলেন বাংলা পক্ষের সুপ্রিমো গর্গ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, এবারের বিধানসভা নির্বাচনের আগে বেশ কিছু প্ররোচনা মূলক কথা বলেছিলেন তিনি, যা স্বভাবতই আইনবিরুদ্ধ। গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের মূলে রয়েছে তাঁর সাম্প্রতিক কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট এবং মন্তব্য। ইভিএম বিকল নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি দাবি করেছিলেন, “রাতে দেখেশুনে সিল করে রাখার পরও, ভোটগণনার সময় ইভিএম খারাপ হচ্ছে কেন?” পাশাপাশি কমিশনকে তোপ দেগে তাঁর অভিযোগ ছিল, “বেলার দিকে নির্বাচন কমিশনের কিছু গোপন পরিকল্পনা রয়েছে।” ভিভিপ্যাট নিয়ে দাওয়াই দেন তিনি। ভোটারদের প্রতি তাঁর পরামর্শ ছিল, ভোট দিয়ে বেরোনোর আগে যেন তাঁরা ভালো করে ভিভিপ্যাট যাচাই করে নেন।
এই বিষয়ে তদন্তকারিদের দাবি, নির্বাচন চলাকালীন এই ধরণের মন্তব্য সরাসরি আদর্শ আচরণবিধি এবং সাইবার আইন লঙ্ঘন করে। গর্গ চট্টোপাধ্যায়কে আজ রাতটুকু লালবাজারের লক-আপেই কাটাতে হবে। পুলিশ জানিয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে। নিজেদের হেফাজতে নিয়ে তাঁকে আরও জিজ্ঞাসাবাদের আবেদন জানাতে পারে পুলিশ। ভোটের পরবর্তী কালে, বাংলা পক্ষের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার গ্রেফতারি নিয়ে ইতিমধ্যেই নানান মহলে বিতর্কের সৃষ্টি করেছে।