ওঙ্কার ডেস্ক: হিন্দুত্বে ভর করে রাজ্যে ক্ষমতায় এসেছে শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। তৃণমূল জমানায় দু বার ব্রিগেডে গীতা পাঠের আসর বসেছিল। পদ্ম শিবির ক্ষমতায় আসার পর এবার শহরে বসতে চলছে রামকথার আসর। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে এই সমাবেশ হবে বলে জানা গিয়েছে। এই কর্মসূচির আয়োজনের নেপথ্যে রয়েছে কলকাতার অগ্রসেন সমাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আয়োজকরা আলোচনা করতে চান। সূত্রের খবর, রাজ্যের প্রশাসনিক প্রধান আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
ব্রিগেডে রামকথা পাঠের দায়িত্ব দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের চিত্রকূট তুলসী পিঠের প্রধানকে। তিনিই ভিন রাজ্য থেকে শহরে এসে রামকথা পাঠ করবেন। এই কর্মসূচির জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিন লক্ষের বেশি ভক্তের সমাগম হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কর্মসূচি নিয়ে আলোচনা করতে কলকাতায় এসেছেন মধ্যপ্রদেশের তুলসী পিঠের প্রতিনিধি রামচন্দ্র দাস।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের চার মাস আগে বঙ্গে হিন্দুত্বের জমি উর্বর করতে ২০২৫ সালের ডিসেম্বরে ব্রিগেড ময়দানে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ হয়েছিল। সেই অনুষ্ঠানের আয়োজন করেছিল আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ। তার আগে ২০২৩ সালেও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রামকথার আসর বসতে চলেছে। আয়োজকরা আপাতত অনুমতির জন্য অপেক্ষা করছেন। অনুমতি মিললে আনুষ্ঠানিক ভাবে দিনক্ষণ ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।