ওঙ্কার ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সাফ জানিয়ে দিল, রক্ষাকবচের মেয়াদ বাড়লেও এখনই বিদেশে যেতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই বিদেশে নয়, এসএসকেএম হাসপাতালে তাঁকে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি।
সোমবার অভিষেকের ‘ডিজে’ মন্তব্য মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠলে তাঁর আইনজীবী আইনি রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর দাবি জানান। সেই আবেদন মেনে আগামী ৬ অক্টোবর পর্যন্ত তা বাড়ানো হয়। কিন্তু শর্ত দিয়েছে হাই কোর্ট।
আগামী ২৯ জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন মঞ্জুর করেননি বিচারপতি। আদালতের প্রশ্ন, বিদেশে গিয়েই কেন চোখের চিকিৎসা করতে হবে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নিদের্শ দেবেন বলেও জানান বিচারপতি।
উল্লেখ্য, ২০১৬ সালে ডানকুনি হাইওয়েতে কাছে পথ দুর্ঘটনায় বাঁ চোখে বড়সড় আঘাত পান অভিষেক। সিঙ্গাপুরে দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলে। পরবর্তী সময়ে তিনি আমেরিকাতেও চিকিৎসা করান।