ওঙ্কার ডেস্কঃ দীর্ঘদিন বাদে অরেঞ্জ লাইন মেট্রোর জট কাটল। চিংড়িঘাটার পর এবার ভিআইপি রোডের হলদিরাম মোড় এলাকাতেও নির্মাণকাজের অনুমতি মিলেছে। বহুদিন ধরে এই অঞ্চলে মেট্রোর কাজ আটকে ছিল। এবার এই আটকে থাকা প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ দ্রুত শেষ করার আশা দেখছে মেট্রো কর্তৃপক্ষ।
সূত্রের খবর, চিংড়িঘাটা এলাকায় যে নির্মাণকাজ প্রায় দু’বছর ধরে আটকে ছিল, সম্প্রতি তা শুরু হয়েছে। তার কিছুদিনের মধ্যেই অরেঞ্জ লাইনের আরেকটি গুরুত্বপূর্ণ বাধা দূর হল। ভিআইপি রোডের হলদিরাম মোড় সংলগ্ন এলাকায় কাজ করার অনুমতি পেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। অভিযোগ ছিল, এই কাজের জন্য বিগত দুই বছর ধরে আবেদন করা হলেও অনুমতি মেলেনি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই অনুমোদন মিলেছে।
মেট্রো প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড ইতিমধ্যেই একটি একমুখী রাস্তা তৈরির কাজ শুরু করেছে। প্রায় ১৭৫ মিটার দীর্ঘ এবং ৯ মিটার চওড়া এই রাস্তা ভিআইপি রোডকে চিনার পার্কের সঙ্গে যুক্ত করবে। মেট্রো কর্তৃপক্ষের আশা, আগামী মাসের মধ্যেই রাস্তা যান চলাচলের উপযোগী হয়ে উঠবে।