ওঙ্কার ডেস্কঃ ভোট ঘোষণার পর রাতারাতি বদলি করা হয়েছিল মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে। ভোটমুখী বাংলায় এই ঘটনা নজিরবিহীন। সোমবার সকালে রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় বদল হল। নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার পরই কলকাতার পুলিশ কমিশনার থেকে রাজ্য পুলিশের ডিজি, আইজি, সমস্ত শীর্ষপদেই বদল করা হল।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সুপ্রতিম সরকারকে সরানো হয়েছে। সেই পদে এলেন অজয় নন্দা। অন্যদিকে রাজ্য পুলিশের ডিজি পদে পীযূষ পাণ্ডের বদলে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্ধিনাথ গুপ্তাকে। এডিজি, আইনশৃঙ্খলা পদে বিনীত গোয়েলের বদলে দায়িত্বে এলেন অজয় মুকুন্দ রানাডে। ডিজি, কারা পদে আনা হল নটরাজন রমেশ বাবুকে।
রাজ্য পুলিশের ডিজি পদের জন্য সিদ্ধিনাথ গুপ্তার নাম নিয়ে আগেও আলোচনা হয়েছে। কিন্তু নবান্ন তাঁকে ডিজি পদের জন্য বেছে নেয়নি। এবার তিনিই ডিজির পদে।
কমিশন যাঁদের উপর নতুন দায়িত্ব দিয়েছে, তাঁদের সকলকে আজ দুপুর ৩টের মধ্যে নতুন দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের সরানো হয়েছে, তাঁরা কেউ নির্বাচনের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না বলে জানিয়েছে কমিশন। ভোট ঘোষণার পর এত দ্রুত প্রশাসনিক রদবদল নিয়ে প্রশ্ন উঠছে। এর নেপথ্যে বিজেপির ইন্ধন রয়েছে বলে অভিযোগ শাসক দলের।
