ওঙ্কার ডেস্কঃ একুশে জুলাইয়ের সমাবেশ নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে। ভিক্টোরিয়া হাউস চত্বরে কলকাতা পুলিশের ৬০ দিনের জন্য ১৬৩ ধারা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার আবেদন জানানো হলে, আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামী ১৫ জুলাই, বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, পুলিশের এই নির্দেশিকা পুরোপুরি ‘স্বেচ্ছাচারী’ এবং নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী। রাজনৈতিক মহলের মতে, পুলিশের এই বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত ও নজিরবিহীন জটিলতা।
ধর্মতলা চত্বরে একাধিক রাজনৈতিক দলের কর্মসূচি, পাল্টা কর্মসূচি ও ধর্ণাকে কেন্দ্র করে যেভাবে পারদ চড়েছিল, তারই প্রেক্ষিতে পুলিশের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৃণমূলের সাংসদের হাইকোর্টে যাওয়ার পর এই আইনি লড়াই কতদূর গড়ায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
উল্লেখ্য, গত মাসের শেষেই কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা বিজ্ঞপ্তি জারি করে ধর্মতলার বিস্তীর্ণ অংশে কড়া নিষেধাজ্ঞা চাপান। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী জারি করা এই নির্দেশের আওতায় রয়েছে, বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং হেড কোয়ার্টার্স ট্রাফিক গার্ডের অধীনে থাকা এলাকা। কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত পুরো অঞ্চল। তবে এর ব্যতিক্রমও রয়েছে। শুধুমাত্র বেন্টিঙ্ক স্ট্রিটকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।