ওঙ্কার ডেস্ক: ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে ৬০ দিন ধরে কী জন্য জমায়েত নিষিদ্ধ? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল মমতাপন্থী তৃণমূল। প্রতি বছর ২১ জুলাই তৃণমূল কংগ্রেস শহিদ দিবস পালন করে ধর্মতলায়। কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর নয়া বিজেপি সরকারের আমলে কলকাতা পুলিশ ধর্মতলায় ৬০ দিন ধরে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে।
কলকাতা পুলিশের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে আদি তৃণমূল অর্থাৎ মমতাপন্থী গোষ্ঠী। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আদালত সূত্রের খবর, আগামী বুধবার এই মামলার শুনানি হতে পারে। সোমবার তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন পুলিশের নির্দেশিকা ‘মৌলিক অধিকারের পরিপন্থী’। তাঁর দাবি, এটি ‘স্বেচ্ছাচারী’।
উল্লেখ্য, কলকাতা পুলিশের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, ২ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বর-সহ মধ্য কলকাতার একটি বিস্তীর্ণ অঞ্চলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায়
চার জন বা তার বেশি জনের জমায়েত নিষিদ্ধ। ২১ জুলাইয়ের আগে কেন নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, তা নিয়ে প্রশ্ন আদি তৃণমূলের।