ওঙ্কার ডেস্কঃ দল ছিন্নভিন্ন হওয়ার পরও ফের কলকাতার রাজপথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হকার উচ্ছেদ ইস্যুতে বুধবার ধর্মতলায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে তৃণমূল। বিকেল ৩টের সময় ধর্মতলায় কেশব দাসের মূর্তির সামনে থেকে শুরু হবে এই কর্মসূচি। সেখানে উপস্থিত থেকে নিজেই প্রতিবাদ সভা পরিচালনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শহর থেকে মফস্বল, হকারদের উপর অত্যাচার করা হচ্ছে, অন্যায়ভাবে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে তৃণমূল। দলের বক্তব্য, সাধারণ মানুষের জীবিকা এবং রুজিরুটির প্রশ্নে তাঁরা রাস্তায় নামছে। পাশাপাশি হকারদেরও এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
তৃণমূলের একাংশের দাবি, শহরে উচ্ছেদ অভিযান ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে হকারদের মধ্যে। রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন ইস্যুতে সরাসরি পথে নেমে আন্দোলনের কৌশল নিচ্ছে তৃণমূল। হকার উচ্ছেদ প্রসঙ্গেও সেই একই রাজনৈতিক বার্তা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই রাস্তায় নেমে রাজনীতিটা করেন। দলের করুণ পরিস্থিতি থেকেও ঘুরে দাড়ানোর চেষ্টা করছেন মমতা।
প্রসঙ্গত, এর আগেও হকার উচ্ছেদ ইস্যুতে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ ছিল, মানুষকে নিজের কথা বলতে না দিয়ে, স্বৈরাচারী কায়দায় সব গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, বেআইনি বা সামান্য ত্রুটিপূর্ণ নির্মাণের ক্ষেত্রে আইনের নিয়ম মেনেই জরিমানা বা পেনাল্টি দেওয়ার সুযোগ থাকে। কিন্তু বর্তমান শাসকদল নিয়মকানুনের তোয়াক্কা না করে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে।