ওঙ্কার ডেস্ক: ভোট চুরির অভিযোগে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আন্দোলনে উত্তাল দেশ। পথে নেমেছে ছাত্র যুবরা। এই আন্দোলনকে সমর্থন করে পথে নেমেছে বিরোধী জোট ইন্ডিয়াও। এই আবহে ককরোচ আন্দোলনের নেপথ্যে বিদেশি মদত রয়েছে বলে দাবি করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বিশেষ করে বাংলাদেশের ছাত্র নেতা নাহিদ ইসলাম ককরোচদের সমর্থন করায় সরাসরি আন্দোলনে মদত দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার এ নিয়েই দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘এই যে ভারতকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে তাঁর পিছনে যে বিদেশি শক্তি রয়েছে, একথা তো বারবার বলা হচ্ছে। বিদেশ থেকে মদত দেওয়া হচ্ছে। তবে ফান্ডিংয়ের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে ওরা আরও ভয় পেয়েছে।’
উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসের জেরে আত্মঘাতী হয়েছিল বহু পড়ুয়া। সেই সময়কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পথে নেমেছিল অভিজিৎ দীপকের নেতৃত্বে ককরোচ জনতা পার্টি। ছাত্র যুবদের সেই আন্দোলনের চাপে পড়ে নতি স্বীকার করে মোদী সরকার।পদত্যাগ করেন ধর্মেন্দ্র।কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সেই পদত্যাগ সিজেপির কাছে বড় অর্জন ছিল। সেই আন্দোলনের রেশ কাটতে না কাটতে এবার নির্বাচনী ব্যবস্থায়কারচুপির অভিযোগ তুলে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে সামিল হয়েছে আরশোলাদের সংগঠন। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে ধর্নার ঠিক আগেই গ্রেফতার করা হয় অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস-সহ বহু সিজেপি নেতাকে। বাড়ি থেকে গ্রেফতার করা হয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও।