নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কর্মরত নার্সকে যৌন হেনস্থা ও মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন গড়বেতার ব্লক স্বাস্থ্য আধিকারিক। জানা গিয়েছে, ধৃতের নাম ডাঃ প্রবীর কুমার বাউরী। রবিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে গড়বেতা থানার পুলিশ। সোমবার ধৃতকে গড়বেতা আদালতে তোলা হবে। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।
সূত্রের খবর, অভিযোগকারিণী গড়বেতারই একটি স্বাস্থ্যকেন্দ্রে কমিউনিটি হেলথ অফিসার পদে কর্মরত। অভিযোগ, গত বৃহস্পতিবার প্রয়োজনীয় কিছু নথি আনতে তিনি বিএমওএইচ অফিসে গিয়েছিলেন। সেখানেই নথি দেওয়ার অছিলায় তাঁকে প্রেমের প্রস্তাব দেন বিএমওএইচ এবং যৌন হেনস্থা করেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
আহত অবস্থায় গড়বেতাতেই চিকিৎসা করান ওই স্বাস্থ্যকর্মী। প্রথমে সম্মানের কথা ভেবে থানায় অভিযোগ না জানালেও পরে পরিবারের পরামর্শে রবিবার গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত চিকিৎসক। তাঁকে ধরতে একাধিক দল গঠন করে তল্লাশি শুরু হয় এবং রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। নির্যাতিতার দাবি, এর আগেও একাধিকবার তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন ওই স্বাস্থ্য আধিকারিক।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, গোটা ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হবে। এর আগেও অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। এবার কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।