নিজস্ব সংবাদদাতা : ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাতে দুধ গরম ইস্যুতে শোরগোল ওঠে শহরের রাজনৈতিক তর্জা। এই ইস্যুতে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রকাশ্যে বিরোধীতায় নামে তৃণমূল। নাগরিক স্বাচ্ছন্দ্য, না মানবিকতা তা নিয়ে পরস্পর বিরোধী মন্তব্যে জল ঘোলা শুরু হয় শহরে। এরমধ্যে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির হন ওই ফুটপাতবাসী মহিলা।
ফুটপাথে শিশুর জন্য দুধ গরম করতে গিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে ধমক খেয়েছিলেন সীতাদেবী। এরপরই বিজেপি মন্ত্রীর আচরণের নিন্দার ঝড় ওঠে রাজনৈতিক মহল থেকে সোশ্যাল মিডিয়ায়। এই পরিস্থিতিতে সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে হাজির হলেন ফুটপাথবাসী সীতা দেবী। এরপর ফুটপাথবাসী ওই মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা প্রকাশ করেছেন বলে দাবি স্বয়ং শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, কলকাতা কর্পোরেশনকে বলে ওই মহিলার বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে।
কলকাতার সৌন্দর্যায়ন করতে গিয়ে পুরমন্ত্রীর পদক্ষেপে অস্বস্তিতে পড়তে হয়েছিল বিজেপিকে। অগ্নিমিত্রা অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে বিরোধীদের মুখ বন্ধ করা যায়নি। সোমবার বিকেলে ওই ফুটপাথবাসী মহিলার দায়িত্ব নিতে প্রস্তুত বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ওই মহিলা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই, নাম করে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপকে তুলে ধরে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসতেই টনক নড়লো মুখ্যমন্ত্রীর।