ওঙ্কার ডেস্ক: রক্ত ও প্লাজমার অনিয়ন্ত্রিত লেনদেন, অপব্যবহার এবং সম্ভাব্য বাণিজ্যিক অনিয়ম রুখতে রাজ্যের সমস্ত লাইসেন্সপ্রাপ্ত সরকারি, বেসরকারি এবং স্বেচ্ছাসেবী ব্লাড ব্যাঙ্কের জন্য কড়া নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ভবন। নতুন নির্দেশিকায় রক্ত ও প্লাজমা এক ব্লাড ব্যাঙ্ক থেকে অন্য ব্লাড ব্যাঙ্কে স্থানান্তরের ক্ষেত্রে একাধিক বাধ্যতামূলক নিয়ম চালু করা হয়েছে। স্বাস্থ্য দফতরের দাবি, এই পদক্ষেপের ফলে রক্ত সরবরাহ ব্যবস্থায় আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহি এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, বড় পরিমাণে রক্ত বা প্লাজমা অন্য কোনও ব্লাড ব্যাঙ্কে পাঠানোর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। একই সঙ্গে, এই ধরনের স্থানান্তরের অন্তত ১৫ দিন আগে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলকে বিস্তারিত তথ্য জানাতে হবে। কোন ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বা প্লাজমা পাঠানো হচ্ছে, কোথায় পাঠানো হচ্ছে, কত ইউনিট পাঠানো হবে, কোন গ্রুপের রক্ত বা প্লাজমা স্থানান্তর করা হচ্ছে এবং তার প্রয়োজনীয় কারণ সব তথ্য নির্দিষ্ট নথির মাধ্যমে জমা দিতে হবে। স্বাস্থ্য ভবন নির্দেশ দিয়েছে, রক্ত বা প্লাজমা পরিবহণের সময় নির্ধারিত তাপমাত্রা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্লাড ব্যাঙ্ক রক্ত পাঠাবে, পরিবহণের সময় সঠিক তাপমাত্রা বজায় রাখার দায়িত্ব তাদেরই থাকবে। অন্যদিকে, যে ব্লাড ব্যাঙ্ক রক্ত বা প্লাজমা গ্রহণ করবে, তাদের দায়িত্ব হবে নির্ধারিত নিয়ম অনুযায়ী সেগুলি সংরক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা। প্রতিটি চালানের সঙ্গে ট্রান্সফিউশন ট্রান্সমিটেড ইনফেকশন পরীক্ষার রিপোর্ট এবং পরিবহণকালীন তাপমাত্রার রেকর্ড সংযুক্ত রাখাও বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, রক্তদানের সময় দাতার কাছ থেকে নেওয়া সম্মতিপত্রে স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে তাঁর দান করা রক্ত প্রয়োজনে অন্য কোনও লাইসেন্সপ্রাপ্ত ব্লাড ব্যাঙ্ক বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে পাঠানো হতে পারে। এছাড়া, আন্তঃরাজ্য রক্ত বা প্লাজমা স্থানান্তরের ক্ষেত্রেও নির্ধারিত সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
স্বাস্থ্য ভবন আরও স্পষ্ট করেছে, কোনও ব্লাড ব্যাঙ্ক শুধুমাত্র নিজেদের হাসপাতালের রোগীদের জন্য রক্ত মজুত করে রাখতে পারবে না। চিকিৎসার প্রয়োজনে অন্য হাসপাতাল বা স্বাস্থ্য প্রতিষ্ঠানের রোগীদের ক্ষেত্রেও রক্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে, রক্ত বা প্লাজমা পরিবহণ সংক্রান্ত কোনও সমস্যা হলে তার দায়ভার থাকবে যে ব্লাড ব্যাঙ্ক রক্ত পাঠিয়েছে তাদের উপর। তবে রক্তের ক্রস-ম্যাচিং এবং রোগীর জন্য রক্ত ব্যবহারের চূড়ান্ত দায়িত্ব থাকবে গ্রহণকারী প্রতিষ্ঠানের।