ওঙ্কার ডেস্ক: বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বুধবার কালীঘাট তৃণমূলের ডাকা প্রতিবাদ মিছিলকে ঘিরে হাজরা মোড় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। মিছিল এগিয়ে যাওয়ার সময় একদল বিক্ষোভকারী হঠাৎই ‘চোর’ স্লোগান দিতে শুরু করে। শুধু স্লোগানেই থেমে না থেকে তারা লাউডস্পিকারে ‘মাছ চোর’ গানও বাজায়। এর জেরে মিছিলে অংশগ্রহণকারী তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বাধে এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চললেও পরে ধাক্কাধাক্কি শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড় ধরনের অশান্তি এড়ানো সম্ভব হলেও কিছু সময়ের জন্য হাজরা মোড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রতিবাদ মিছিলটি মূলত বারুইপুরের নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে আয়োজিত হয়েছিল। তবে মিছিল চলাকালীন এই বিক্ষোভকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বাহিনী অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে এবং গোটা এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। একদিকে তৃণমূলের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা হয়েছে।