ওঙ্কার ডেস্ক: অন্নপূর্ণা যোজনা নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। সোমবার ফেসবুক লাইভে এসে রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, যোগ্য হয়েও যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না, তাঁদেরকে তালিকা তৈরি করার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী। আর এদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ দেগেছেন। মমতার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি ফেসবুকেই থাকুন’।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে শুভেন্দু অধিকারী আরও বলেন, আপনাকে রাস্তায় আর বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন, তার ব্যবস্থাও আমি করব।’ আর এই নিয়ে শুরু হয় বিতর্ক, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কী ভাবে বাড়ি থেকে না বের হওয়ার কথা বলেন বর্তমান মুখ্যমন্ত্রী তা নিয়েই সুর চড়ান মমতা। ফেসবুকে দীর্ঘ পোস্ট করে মমতা অভিযোগ করেন, দেশের ইতিহাসে সর্বনিম্ন স্তরের রাজনীতি। তাঁর কথায়, ‘আমি ভারতের মাননীয় রাষ্ট্রপতি, ভারতের মাননীয় প্রধান বিচারপতি এবং ভারতের জনগণের কাছে প্রশ্ন রাখছি, এই কি আমাদের সংবিধানের কল্পিত ভারত?’ তাঁর আরও সংযোজন, ‘একজন বর্তমান মুখ্যমন্ত্রী— যিনি সংবিধান রক্ষার জন্য শপথ নিয়েছেন, তিনি দেশের প্রধান বিরোধী দল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর চলাফেরার স্বাধীনতা হরণ করার প্রকাশ্য হুমকি দিচ্ছেন!’ তৃণমূল নেত্রী প্রশ্ন করেন, ‘এর আসল অর্থ কী? গৃহবন্দি? ভয় দেখানো? না কি রাজনৈতিক প্রতিহিংসা?’
প্রসঙ্গত, সোমবার শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যোগ্যরা কেউ অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। বিগত তৃণমূল সরকার সরকারি প্রকল্প দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করতেন বলে অভিযোগ করেন। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তাঁদের মধ্যে মুসলিম উপভোক্তা রয়েছেন ১৯ লক্ষ ২০ হাজার। শুভেন্দুর কথায়, হিন্দু, মুসলমান, বিজেপি, তৃণমূল দেখি না।