স্পোর্টস রিপোর্টার : গুরুতর অসুস্থ প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বসু (টুটু বসু)। ভর্তি হাসপাতালে। রয়েছেন হাসপাতালের ভেন্টিলেশনে। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। উল্লেখ্য, গত বছর মোহনবাগান দিবসের দিনেই টুটু বসুকে ‘মোহনবাগান রত্ন’ দেওয়া হয়। তিনি প্রশাসক থাকাকালীন ‘মোহনবাগান রত্ন’ দেওয়া শুরু হয়েছিল। সেই সম্মানটাই গত বছর তুলে দেওয়া হয়েছিল টুটু বাবুর হাতে।
১৯৯১ সালে প্রথমবার মোহনবাগান সচিব হন টুটু বসু। কিংবদন্তি ধীরেন দে-র উত্তরসূরি হিসেবে এই পদে দায়িত্ব নেওয়ায় প্রত্যাশার চাপ ছিল অনেক। তবে দক্ষ হাতে সামলেছেন দায়িত্ব। ১৯৯৫ সালে ক্লাবের সভাপতি হন। ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব সামলানোর পরে ফের ফেরেন সচিব পদে। মোহনবাগানের খারাপ সময়ে বারবার ত্রাতা হয়ে উঠেছেন তিনি। দ্রুত যাতে সুস্থ হয়ে ওঠেন টুটু বসু, সেই প্রার্থনা করছেন বাংলার ক্রীড়াপ্রেমীরা।