ওঙ্কার ডেস্কঃ ভারতের ভাষা-ঐতিহ্যের নতুন অধ্যায়। ন্যাশনাল লাইব্রেরীতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হাত ধরে উদ্বোধন হল ‘মিউজিয়াম অফ ওয়ার্ড’ এর। কলকাতার জাতীয় গ্রন্থাগারের ঐতিহাসিক বেলভেডিয়ার হাউস এক নতুন অধ্যায়ের সাক্ষী হল।
প্রধান অতিথি হিসাবে জাদুঘরের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, ভারতের বহুভাষিক ঐতিহ্যকে সংরক্ষণ এবং তুলে ধরার উদ্দেশ্যে নির্মিত হয়েছে জাদুঘরটি। সেখানে দেশের ভাষা, লিপি ও সাহিত্যিক ঐতিহ্যের মৌখিক এবং লিখিত বিবর্তনের ইতিহাস তুলে ধরা হবে। ২২ টি ভাষার বিবর্তনকে তুলে ধরা হবে এই জাদুঘরে। বেলভেডিয়ার হাউসের প্রথম ও দ্বিতীয় তলার একটি অংশ জুড়ে গড়ে উঠেছে ‘শব্দলোক’-এর প্রথম পর্যায়। সংস্কৃতি মন্ত্রকের অধীনে জাতীয় গ্রন্থাগার প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এই পর্যায়ের কাজ সম্পন্ন করেছে। পুরো প্রকল্পের ব্যয় প্রায় ৪১ কোটি টাকা হবে বলেই খবর।
‘মিউজিয়াম অফ ওয়ার্ড’-এ থাকবে নয়টি গ্যালারি। যেখানে ভারতীয় ভাষার ইতিহাস, বিকাশ এবং সাংস্কৃতিক প্রভাবকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হবে।
অনুষ্ঠানের উদ্বোধনে অমিত শাহ জানান, দেশের ঐতিহ্য সংস্কৃতিকে নতুন প্রজন্মকে জানতে হবে। পাশাপাশি সমাজের ক্ষেত্রে ভাষা গুরুত্বপূর্ণ। তাই এই মিউজিয়ামের গুরুত্ব অসীম।