ওঙ্কার ডেস্ক: ২১ জুলাইয়ের কর্মসূচিকে সামনে রেখে এবার বিশেষ ব্যাজ প্রকাশ করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির। শহিদ দিবসের সমাবেশে অংশ নিতে আসা স্বেচ্ছাসেবক ও সংগঠনের কর্মীদের জন্য তৈরি করা হয়েছে এই বিশেষ ব্যাজ। দলের দাবি, সমাবেশে শৃঙ্খলা বজায় রাখা, স্বেচ্ছাসেবকদের সহজে চিহ্নিত করা এবং সংগঠনের বার্তা আরও সুস্পষ্টভাবে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যাজে ২১ জুলাই শহিদ দিবসের তাৎপর্যকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি দলের প্রতীক ও কর্মসূচির মূল বার্তাও স্থান পেয়েছে। ঋতব্রত শিবিরের নেতাদের বক্তব্য, এই কর্মসূচি শুধুমাত্র একটি রাজনৈতিক সমাবেশ নয়, বরং ১৯৯৩ সালের ২১ জুলাই নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর একটি দিন। সেই কারণেই অনুষ্ঠানকে আরও সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ করে তুলতে বিশেষ ব্যাজ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচিতে দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের মধ্যে এই ব্যাজ বিতরণ করা হবে। সমাবেশে আগত মানুষের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং বিভিন্ন পরিষেবা পরিচালনার ক্ষেত্রে ব্যাজধারী স্বেচ্ছাসেবকেরাই মূল ভূমিকা পালন করবেন। তাঁদের জন্য পৃথক নির্দেশিকাও তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এ বছরের ২১ জুলাই শহিদ দিবসকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। ঐতিহ্যবাহী এই কর্মসূচি ঘিরে তৃণমূলের দুই শিবিরের মধ্যে আলাদা প্রস্তুতি ও কর্মসূচির ঘোষণা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। পাশাপাশি রাজ্য কংগ্রেসও শহিদ দিবস পালন করার কথা ঘোষণা করেছে। স্বাভাবিক ভাবেই এই অনুষ্ঠানে নিজেদের শক্তি প্রদর্শন করার স্থান হয়ে উঠবে। সমাবেশের স্থান, অনুমতি এবং আয়োজন নিয়ে একাধিক বিতর্কের মধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির নিজেদের কর্মসূচির প্রস্তুতি আরও জোরদার করেছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই বিশেষ ব্যাজ প্রকাশকে প্রতীকী ও সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট শিবির। দলীয় নেতৃত্বের আশা, এই উদ্যোগের মাধ্যমে কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং শহিদ দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।