ওঙ্কার ডেস্কঃ বিজেপিকে হারাতে সব বিরোধী দলকে এক ছাতার নিচে আনার বড় উদ্যোগ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের পক্ষে সওয়াল করে গিয়েছেন, বারবার একসঙ্গে লড়াইয়ের বার্তা দিয়েছেন। এবার ২১ শে মঞ্চ থেকে বিজেপিকে হারাতে আবারও সেই একই বার্তা দিলেন।
মমতা বলেন, ‘‘আমার কোনও ছুঁৎমার্গ নেই। ইন্ডিয়া জোট নিয়ে একসঙ্গে চলব। বিজেপির বিরুদ্ধে লড়তে চাইলে একসঙ্গে আসুন।” কিন্তু একুশের শহিদ স্মরণ মঞ্চ থেকে মমতার এই বার্তা যথেষ্ট সমালোচনার। কারণ, এই জোটে রয়েছে সিপিএমও। কারণ, সেসময়ের স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তর নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়দের মিছিলে গুলি চলেছিল। ওয়াকিবহাল মহলের মতে, পালাবদলের পর কি সব ঘুঁটি ওলট পালট হয়ে গেল!
ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর কি সেই লাল পার্টি এখন শত্রু থেকে ‘বন্ধু’ হয়ে উঠল? মঙ্গলবার, ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূলনেত্রীর বার্তায় সেই প্রশ্ন উঠে গেল।