ওঙ্কার ডেস্ক: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীর প্রাক্কালে মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিটে তাঁর আবক্ষ মূর্তির বেদী ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, এপিসি রোড সংলগ্ন সুকিয়া স্ট্রিটে স্থাপিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির নিচের বেদীর একটি বড় অংশ ভেঙে পড়ে রয়েছে। বেদীতে লাগানো নামফলকও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও মূর্তির মূল অংশ অক্ষত রয়েছে, তবু বেদী ভাঙচুরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, ওই জায়গায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। সম্প্রতি মূর্তি বসানোর কাজ শেষ হয় এবং ৬ জুলাই, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীর দিন আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি চলছিল। সেই অনুষ্ঠানের আগের দিনই এই ভাঙচুরের ঘটনা সামনে আসায় তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের অভিযোগ, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে অসম্মান করার উদ্দেশ্যেই এই ভাঙচুর চালানো হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা। পাশাপাশি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি তোলা হয়েছে। কীভাবে এবং কখন এই ভাঙচুর হয়েছে, তা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। নিউ টাউনের ইকো পার্কে তাঁর ১২৫ ফুট উচ্চতার একটি মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানও হওয়ার কথা রয়েছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার কথা। এই আবহেই সুকিয়া স্ট্রিটে মূর্তির বেদী ভাঙচুরের ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।