ওঙ্কার ডেস্ক: তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মূলত গ্রেফতারি এড়াতে তিনি আদালতের দ্বারস্থ হন। কিন্তু আগাম জামিন চেয়ে দায়ের করা সেই মামলায় তাঁকে স্বস্তি দিলেন না বিচারপতি। আদালত জানাল, জরুরি ভিত্তিতে আবেদন শোনা যাবে না। নিয়মিত বেঞ্চেই সেই মামলার শুনানি হবে বলে জানাল হাইকোর্ট।
পুলিশ সূত্রে খবর, শালবনিতে জমি দুর্নীতি মামলা এবং গড়বেতায় চাকরির নামে দুর্নীতিতে নাম জড়িয়েছে সুমিতের। দুটি মামলায় অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্তু গ্রেফতারি এড়াতে তিনি হাইকোর্টে আবেদন জানান আগাম জামিনের। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সেই মামলার শুনানি থাকলেও মঙ্গলবার বিচারপতি সেনগুপ্ত আসেননি। আর সে কারণে জরুরি ভিত্তিতে অন্য বেঞ্চে ওই মামলার শুনানির জন্য আবেদন করেছিলেন সুমিতের আইনজীবী।
মঙ্গলবার বিচারপতি ঘোষ মামলাটি শোনার পর জরুরি হস্তক্ষেপ করতে চাননি তিনি। তিনি জানান, নিয়মিত বেঞ্চে অর্থাৎ বিচারপতি সেনগুপ্তের এজলাসেই এই মামলার শুনানি হবে আগামী দিনে। উল্লেখ্য, দুর্নীতিতে নাম জড়ানোর পর গত কয়েক দিন ধরেই সুমিতকে খুঁজছিল পুলিশ। কিন্তু তদন্তকারীরা তাঁর কোনও হদিশ পাননি। সুমিত অভিষেকের বাড়িতে রয়েছেন কিনা তা জানতে ডায়মন্ডহারবারের সাংসদের বাড়িতেও হানা দিয়েছিল পুলিশ। তদন্তকারীরা জানিয়েছিলেন সুমিতের মোবাইলের টাওয়ার লোকেশন শেষ বার পাওয়া গিয়েছিল অভিষেকের বাড়িতেই। আর সে কারণেই অভিষেকের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। সুমিতের খোঁজ না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তদন্তকারীরা। সেই আর্জির প্রেক্ষিতে সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মেদিনীপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করে।