ওঙ্কার ডেস্ক: গত কয়েক সপ্তাহে দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বেড়েছে চিনির দাম। পশ্চিমবঙ্গও সেই মূল্যবৃদ্ধির গ্রাস থেকে বাদ যায়নি। এ রাজ্যের বাজারে চিনি থেকে শুরু করে তেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিনির দাম নিয়ন্ত্রণে আনার আশ্বাস দিয়েছিলেন। রাজ্যের প্রশাসনিক প্রধানের সেই বার্তার পরে মঙ্গলবার শহরের বিভিন্ন বাজারে হানা দিলেন ইবি আধিকারিকরা।
মঙ্গলবার সকালে দক্ষিণ ও উত্তর কলকাতার বাজারে ইবি-র প্রায় দশটি টিম অভিযান চালায়। অবৈধ ভাবে কোথাও চিনি মজুত রয়েছে কিনা তা খতিয়ে দেখেন তাঁরা। সেই সঙ্গে চাল, তেল মজুত রয়েছে কি না, তাও খতিয়ে দেখেন আধিকারিকরা। মঙ্গলবার সকালে শিয়ালদহের কোলে মার্কেটে হানা দেন তাঁরা। পাশাপাশি ভবানীপুরের যদুবাবুর বাজারের বিভিন্ন দোকানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন ইবি আধিকারিকরা। কলকাতার পাশাপাশি জেলাতেও বাজারে বাজারে অভিযান চলেছে।
উল্লেখ্য, সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে আশ্বস্ত করেছিলেন, চিনির দাম নিয়ন্ত্রণে আসবে বলে। বেআইনি ভাবে চিনি মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, ‘লিকেজ কোথায় আছে, পেয়ে গিয়েছি। আমরা ঠিক করে দেব। শক্তিশালী সরকার হয়েছে। এখানে অন্যায়ের সুযোগ নেই।’ ইথানল সঙ্কটের কারণে গত ২০ দিনে কেজি পিছু ২০ টাকা দাম বেড়েছে চিনির। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, এই মূল্যবৃদ্ধির নেপথ্যে ইথানলের ভূমিকা নেই।