ওঙ্কার ডেস্কঃ তারাতলা কাণ্ডে নিহতদের পরিবারকে অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো মঙ্গলবার নিহতদের পরিবারের সদস্যের হাতে তুলে দেওয়া হল ১০ লক্ষ টাকার চেক। আহতদের দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা। হতাহতের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আহতদের সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিনামূল্যে ওষুধ দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। পাশাপাশি নিহতদের পরিবারের একজন সদস্যকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, নিহতদের পরিবারের কাছে তাঁদের সমস্যা সমন্ধে জানতে চান মুখ্যমন্ত্রী। সেখানেই এক মৃত শ্রমিকের স্ত্রী কাজের আর্জি জানান। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতার পুর প্রশাসক স্মিতা পাণ্ডে ও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দায়িত্ব দিচ্ছি, ওনারা দেখে নেবেন কোথায় কী কাজের সুযোগ রয়েছে। আপনারা সরাসরি পুরসভায় যোগাযোগ করবেন। তবে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটাও একবার দেখতে হবে। মাধ্যমিক পাশ না হলে সমস্যা।” সেই মিটিংয়েই আহতদের ও নিহতদের পরিবারকে যদি পুরসভার কোনও কাজে যুক্ত করা যায়, তা দেখার নির্দেশ দেন।
সূত্রের খবর, নিহতদের পরিবারকে মাসে মাসে একটা টাকা দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়া বাচ্চাদের পড়াশোনার দায়িত্বও নেবে রাজ্য।
প্রসঙ্গত, গত ২৪ জুন তারাতলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ গোডাউন। সেই সময় কাজ চলছিল। ফলে বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে পুলিশ, দমকল, এনডিআরএফ। সরকারি তথ্য অনুযায়ী, তারাতলা কাণ্ডে মৃত্যু হয়েছে ১৬ জনের।