ওঙ্কার ডেস্ক: মণিপুরে ফের জঙ্গি হামলার ঘটনায় রক্তাক্ত হল নিরাপত্তা বাহিনী। রাজ্যের উখরুল জেলায় সন্দেহভাজন জঙ্গিদের অতর্কিত হামলায় অসম রাইফেলসের দুই জওয়ান নিহত হয়েছেন। এছাড়াও হামলায় আরও কয়েকজন জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক চিরুনি তল্লাশি শুরু করেছে যৌথ নিরাপত্তা বাহিনী।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সোমবার দুপুরে উখরুল জেলার নুংশাং খং এলাকায় জাতীয় সড়ক ২০২ ধরে অসম রাইফেলসের একটি কনভয় যাওয়ার সময় আচমকা জঙ্গিরা গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করা হয়। জওয়ানরাও পাল্টা জবাব দিলে দীর্ঘক্ষণ দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। সেই সংঘর্ষেই দুই জওয়ান প্রাণ হারান এবং একাধিক জওয়ান আহত হন। নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, হামলার পরপরই অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে। জঙ্গিদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। হামলার নেপথ্যে কোন জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও ঘটনার পর কোনও সংগঠন এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।
অসম রাইফেলস নিহত দুই জওয়ানের পরিচয় প্রকাশ করেছে। তাঁরা হলেন ওয়ারেন্ট অফিসার বলবন্ত সিং এবং হাবিলদার চন্দ্র মোহন সিং। কর্তব্যরত অবস্থায় তাঁদের আত্মবলিদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে অসম রাইফেলস। বাহিনীর তরফে শোকপ্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। মণিপুরে দীর্ঘদিন ধরেই জাতিগত সংঘর্ষ ও জঙ্গি কার্যকলাপের জেরে নিরাপত্তা পরিস্থিতি অস্থির। সাম্প্রতিক এই হামলার পর ফের রাজ্যের আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। রাজ্য প্রশাসন জানিয়েছে, হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য সর্বাত্মক অভিযান চালানো হচ্ছে।