ওঙ্কার ডেস্ক: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই দলের ভিতরে ‘তৃণমূলীকরণ’ নিয়ে বিতর্ক চলছে। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল আরএসএসের মুখপত্র ‘স্বস্তিকা’র সম্পাদকীয়। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন, দলে তৃণমূলের সংস্কৃতি ঢুকতে দেওয়া হবে না। কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর প্রাক্তন তিন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক রাজ্যসভার টিকিট পান। এরপরই দলের ভিতরে প্রশ্ন ওঠে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সিদ্ধান্ত মূলত কেন্দ্রীয় নেতৃত্বের। তবে তাতে বিতর্ক থামেনি। বরং বিজেপির সংগঠন এবং নতুন সরকারের চরিত্র নিয়ে আলোচনা আরও বেড়েছে। এই আবহেই ‘স্বস্তিকা’র সাম্প্রতিক সম্পাদকীয়তে বিজেপিকে সতর্ক করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মানুষ আস্থা রেখে বিজেপিকে ক্ষমতায় এনেছে। সেই আস্থায় সামান্য চিড় ধরলেও তার প্রভাব বড় হতে পারে। সম্পাদকীয়তে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, মানুষের একাংশ যদি মনে করতে শুরু করে বিজেপি আগের সরকারেরই অন্য রূপ, তাহলে পরিস্থিতি বদলে যেতে পারে। মানুষের মনোভাবকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গেরুয়া শিবিরকে।
সম্পাদকীয়তে লেখস হয়েছে, ‘মানুষ বিজেপিকে ভরসা করে রাজ্যে ক্ষমতায় এনেছে। যদি ২ শতাংশ মানুষ বা ভোটারের ধারণা হয় যে বিজেপি ১৫ বছর ধরে রাজ্যে চলা তস্কর দলের অন্যপিঠ। ভিন্ন কিছু নয়। তাতে ৯০ শতাংশ ভোটার বিজেপির থেকে সরে যেতে দ্বিধা করবে না। মানুষের ভাবনাকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি।’