ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুর এর সময় সুদর্শন ক্ষেপণাস্ত্র দুর্দান্ত কাজ করেছিল। ভারতীয় বিমান বাহিনীকে আরও পাঁচটি সেই এস-৪০০ ক্ষেপণাস্ত্র বিক্রি করতে চায় রাশিয়া। দূরপাল্লার এই বিধ্বংসী অস্ত্র হাতে পেলে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এর শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়। যা নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে চর্চা চলছে। সেই আবহে এই ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাব সামনে এল। সূত্রের খবর, নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষা ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা করেছেন।
এস-৪০০ ক্ষেপণাস্ত্র এর পাল্লা ৪০০ কিলোমিটার পর্যন্ত।এই ব্যবস্থা শত্রুপক্ষের বিমানকে তাদের নিজস্ব আকাশসীমার মধ্যেও নিরাপদে চলাফেরা করতে বাধা দেয়। ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের ক্ষেত্রে যেমনটি ঘটেছিল। ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র সংবাদ সংস্থাকে বলেছিলেন, এস-৪০০ সম্ভবত ইতিহাসে রেকর্ড গড়েছে। কারণ দীর্ঘতম দূরত্বের সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র হামলার নজির গড়েছে এই ব্যবস্থা। ৩১৪ কিলোমিটার দূর থেকে পাকিস্তান বিমান বাহিনীর একটি নজরদারি বিমান ধ্বংস করেছিল এটি।
উল্লেখ্য ২০১৮ সালে স্বাক্ষরিত প্রথম চুক্তির আওতায় ভারত এখনও পর্যন্ত পাঁচটি এস-৪০০ ইউনিটের মধ্যে চারটি হাতে পেয়েছে। পঞ্চম ও শেষ ইউনিটটি চলতি বছরের নভেম্বরের মধ্যে পাওয়ার কথা রয়েছে।