ওঙ্কার ডেস্কঃ চিংড়িহাটা মেট্রো নিয়ে অনিশ্চয়তার অবসান। হাইকোর্টের নির্দেশের পরই চিংড়িহাটার যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল উল্টোডাঙা ট্রাফিক গার্ড। আইনি জটিলতায় আটকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর মাত্র ৩৬৬ মিটারের কাজ। গত বছর ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরুর কথা ছিল। নভেম্বরের শেষেও শুরু করা যায়নি কাজ। কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। সেই অনুযায়ী মেট্রো, রাজ্য-সহ সবপক্ষকে বৈঠকে বসার কথা বলা হয়। মেট্রো কর্তৃপক্ষের দাবি, রাজ্যের অসহযোগিতায় কাজ শুরু করা সম্ভব হয়নি।
কলকাতা হাই কোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সেই অনুযায়ী বৈঠকও হয়। আর এবার যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হল।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, “এই বিষয়টি নিয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। সমস্যার স্থায়ী সমাধানের জন্য আলোচনা চলছে।” জানা গিয়েছে, সায়েন্স সিটির দিক থেকে উল্টোডাঙামুখী গাড়িগুলি ক্যাপ্টেন ভেড়ির লাগোয়া অংশ দিয়ে নতুন রাস্তা হয়ে যাতায়াত করছে। আবার ক্যাপ্টেন ভেড়ির দিক থেকে প্রায় ৪৫০ মিটার রাস্তা ঘুরিয়ে চিংড়িহাটা উড়ালপুল পার করে বাঁদিক দিয়ে গাড়ি বের করা হচ্ছে। চিংড়িহাটা উড়ালপুলে ওঠার আগে রাস্তাটিকে দু’ভাগে ভাগ করা হয়েছে। এবং বাইক, ট্যাক্সি, ছোট গাড়ি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস দিয়ে যাচ্ছে।
হাইকোর্টের নির্দেশের পরই মেট্রোর কাজে গতি বেড়েছে। এবার জট কাটিয়ে দ্রুত কাজ হবে এবং বিমান বন্দর পর্যন্ত মেট্রোর চাকা গড়াবে বলে আশা সাধারণ মানুষের।
