ওঙ্কার ডেস্কঃ পালাবদলের পর থেকেই বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি বিল আনতে উদ্যোগী শুভেন্দু সরকার। সোমবার বিধানসভায় গুরুত্বপূর্ণ এই বিল পেশ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। সূত্রের খবর, এই বিলটি নিয়ে সাবধানতা অবলম্বন করতে চাইছে সরকার। অভিন্ন দেওয়ানি বিধি বিলের বিভিন্ন ধারা নিয়ে আরও বিশদে আলোচনার প্রয়োজন বলে মনে করা হচ্ছে। আর সেই কারণে সবদিক খুঁটিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি তৈরি হচ্ছে বলে খবর।
সূত্রের খবর, সেই কমিটির শীর্ষে থাকতে পারেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনপ্রসাদ দেশাই। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার সময়েও প্রাক্তন বিচারপতি রঞ্জনপ্রসাদ দেশাইকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। বাংলার ক্ষেত্রেও তেমনই হবে বলে খবর। তাঁর সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক আলোচনা হয়েছে। সোমবার আরও একদফা আলোচনা হতে চলেছে। তারপর কমিটির চেয়ারম্যানের নাম চূড়ান্ত হবে। এসব পর্ব মিটিয়ে বিল পেশ হবে বিধানসভায়।
বঙ্গে ইউসিসি বিল আনার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে। মানুষের মতামত গ্রহণ করে তার ভিত্তিতে বিলটি পেশ হবে বলে মনে করা হচ্ছে। সোমবার রাজ্য বিধানসভায় পেশ হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। এর মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিলটিও পেশ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পিছু হঠে সরকারপক্ষ।