ওঙ্কার ডেস্ক: রাম মন্দিরে অনুদান চুরি মামলায় অভিযুক্তদের হয়ে আদালতে না সওয়াল করার সিদ্ধান্ত নিল অযোধ্যা বার অ্যাসোসিয়েশন। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অভিযুক্তদের কোনও আইনি সহায়তা দেওয়া হবে না। বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত যদি কোনও আইনজীবী অমান্য করে তাহলে তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
রিপোর্ট অনুসারে, অনুদান তছরুপের অভিযোগে ধৃত আট জনের কারও পক্ষেই আইনি লড়াই করা হবে না। সোমবার বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অযোধ্যা বার অ্যাসোসিয়েশনের সভাপতি কালিকা প্রসাদ মিশ্র বলেন, ‘এই মামলায় অভিযুক্তদের পক্ষে কোনও আইনজীবী দাঁড়াবেন না। যদি কেউ তা করেন, তবে তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হবে।’ বার অ্যাসোসিয়েশনের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত বেশিরভাগ আইনজীবী মেনে নিয়েছেন।
রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে সরগরম দেশের রাজনীতি। স্থানীয় আইনজীবীরা এই মামলায় অভিযুক্তদের হয়ে আইনি লড়াইয়ের তীব্র বিরোধিতা করেন। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হল। সংবাদ সংস্থার রিপোর্ট অনুসারে, ফৈজাবাদ বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা মন্দিরের দান চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। অভিযুক্ত আট জনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছিলেন তাঁরা। সোমবারের বৈঠকের আগে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শৈলেন্দ্র জয়সওয়াল জানিয়েছিলেন, এই চুরির ঘটনায় আইনজীবীদের ভাবাবেগে আঘাত লেগেছে। ধৃতদের পক্ষে আইনি লড়াই না করার বিষয়ে সবাই একমত হয়েছেন। তিনি বলেছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সভা।