নিজস্ব প্রতিনিধি : জনজাতি সম্প্রদায়ের গৃহবধূ ধর্ষণের ঘটনায় উত্তাল কুলটি। বুধবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে আসানসোলের কুলটি থানা এলাকায়। নিগৃহীতার পরিবারের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গিয়েছে, ধর্ষিতার স্বামীর অনুপস্থিতিতে এক যুবক রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎ করে মহিলার ওপর ঝাপিয়ে পড়ে এবং শারীরিক নির্যাতন চালায়।
এই ঘটনা প্রকাশ্যে আসায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। যদিও এই অভিযোগ অস্বীকার করে ওই যুবক। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ , ধর্ষিতার পরিবার সহ এলাকার মানুষদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে । ধৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে।
নির্যাতিতার স্বামী জানিয়েছেন, “আমি তখন বাড়িতে ছিলাম না। রাত তিনটে নাগাদ ফিরি। শুনি, ওকে রাত সাড়ে ১২টা নাগাদ ধরে নিয়ে যায়, ছাড়ে রাত ২টোয়। ছেলেটাকে গ্রামের লোক ধরেছে। তারপর পুলিশে দেওয়া হয়েছে। আমরা শুধু চাই, বিচার হোক—যাতে আর কোনও মেয়ের সঙ্গে এমন না হয়।”
এলাকার তৃণমূল কংগ্রেস সভাপতি বিধান চন্দ্র মাজি বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দেখি ধর্ষণের অভিযোগ উঠেছে। সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। অভিযোগ দায়েরও হয়েছে। আমরা চাই, পুলিশের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীর শাস্তি নিশ্চিত করা হোক।”
