নিজস্ব সংবাদদাতা: হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপির প্রবীণ নেতা এবং প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। গত শুক্রবার বুকে সংক্রমণ নিয়ে দিল্লির ইন্দ্রপ্রস্থে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কয়েকদিন আইসিইউ-তে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বাড়ি ফিরলেও আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণেই থাকতে হবে তাঁকে। দীর্ঘদিন ধরেই বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন ৯৮ বছর বয়সি এই প্রবীণ নেতা। গত কয়েক বছরে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে।
ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম আডবাণী। একাধিকবার দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।