নিজস্ব সংবাদদাতা, কলকাতা: অষ্টমীর দুপুরে বালিগঞ্জের ম্যাডক্স স্কোয়ারে এক ফ্রেমে ধরা দিলেন বাস্তবের দাদা আর পর্দার দাদা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের প্রচার শুরু হল এইভাবেই। পর্দায় সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও, আর দুর্গোৎসবেই কলকাতায় পা রাখলেন তিনি।
অষ্টমীর দুপুর গড়াতেই ম্যাডক্স স্কোয়ারে পৌঁছে যান রাজকুমার। কিছুক্ষণ পর আসেন সৌরভও। রাজকুমারের পরনে ছিল মেরুন রঙের কারুকাজ করা পাঞ্জাবি আর ঘিয়ে রঙের পাজামা। সৌরভ পরেছিলেন গাঢ় নীল পাঞ্জাবি ও সাদা পাজামা। প্রতিমার সামনে দাঁড়িয়ে দুজনেই হাতে তুলে নেন ঢাকের কাঠি। সঙ্গে ছিলেন সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। দুই দাদাকে একসঙ্গে দেখতে মুহূর্তে ভিড় জমে যায় মণ্ডপে।
জানা গিয়েছে, ম্যাডক্স থেকে আরও কয়েকটি পুজো মণ্ডপে যাওয়ার কথা রয়েছে রাজকুমারের। তবে কলকাতায় এসেই তিনি প্রথমে গিয়েছিলেন সৌরভের বাড়িতে। সৌরভের বাড়ির দুর্গাপুজোয় পুষ্পাঞ্জলি দেন রাজকুমার, খান লুচি-আলুর তরকারিও। তারপরই দুজনে একসঙ্গে বেরিয়ে পড়েন আসন্ন ছবি ‘দাদা’-র প্রচারে।
সাংবাদিকদের সামনে সৌরভ বলেন, রাজকুমারের সঙ্গে তাঁর যোগাযোগ অনেক দিনের। এখন তাঁর মূল উদ্দেশ্য রাজকুমারকে দুর্গাপুজো দেখানো, কারণ এমন উৎসব সবসময় দেখা যায় না। রাজকুমার বলেন, এটা দারুণ অনুভূতি। বহু বছর আগে স্ত্রী পত্রলেখার সঙ্গে কলকাতায় দুর্গাপুজো দেখতে এসেছিলেন, এবার দাদার চরিত্রে অভিনয় করতে করতে পুজো দেখছেন, তাই অনুভূতিটা অসাধারণ।
উল্লেখ্য, সৌরভের বায়োপিকের নাম রাখা হয়েছে ‘দাদা’। ভারতীয় সমর্থকদের কাছে তো বটেই, গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছেই এই নামেই পরিচিত সৌরভ। ইতিমধ্যেই ইডেন গার্ডেন ও সৌরভের বাড়িতে শুটিং সেরেছেন রাজকুমার।