ওঙ্কার ডেস্ক: তিন সিংহ শাবকের রহস্যমৃত্যু গুজরাটের আমরেলি জেলায়। আরও ছয়টি সিংহকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাণীগুলির এমন মৃত্যুতে এশিয়াটিক সিংহগুলির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কোনও ধরণের সংক্রমণের কারণে সিংহের এমন মৃত্যু হচ্ছে কি না তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও কর্মকর্তারা সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, গুজরাটের আমরেলি জেলার জাফরাবাদের কাগভাদার গ্রামে তিনটি এশিয়াটিক সিংহ শাবকের মৃত্যু হয়েছে। এখনও দুর্বল ও অসুস্থ অবস্থায় রয়েছে আরও ছয়টি সিংহ শাবক। জাফরাবাদ রেঞ্জে বেশ কতগুলি সিংহ শাবক হাঁটতে পারছে না বলে খবর দেওয়া হয় বন বিভাগকে। খবর পেয়ে বন বিভাগের আধিকারিকরা উদ্ধার করে প্রাণীগুলিকে। চিকিৎসা চলাকালীন শাবক তিনটির মৃত্যু হয়।
তিন সিংহ শাবকের মৃত্যু নিশ্চিত করেছেন বনমন্ত্রী মুলু বেরা। তিনি বলেন, ‘দুই দিন আগে কাগভাদার গ্রামের কাছে তিনটি সিংহ শাবক মারা গেছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ তিনি আরও বলেন, পরীক্ষার জন্য ছয়টি শাবক এবং তিনটি সিংহীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। সতর্কতা হিসেবে সমস্ত প্রাণীকে বিচ্ছিন্ন করা হয়েছে, জুনাগড় কলেজের পশুচিকিৎসা বিশেষজ্ঞরা মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন। পালিতানা শেত্রুঞ্জি বিভাগের ডিসিএফ ধনঞ্জয় সাধু স্পষ্ট করে বলেন, সিংহ শাবকগুলির মৃত্যুর পিছনে সংক্রামক রোগের কোনও প্রমাণ নেই। তাঁর কথায়, ‘প্রাথমিক ভাবে এই মৃত্যুগুলি রক্তাল্পতা বা নিউমোনিয়ার কারণে হয়েছে বলে মনে করা হচ্ছে। সিংহীরা যখন শাবকগুলিকে জন্ম দেয়, তখন কিছু শাবক স্বাভাবিকভাবেই দুর্বল থাকে। উদ্ধারটি রুটিন মাফিক চালানো হয়েছে, কোনও জরুরি ব্যবস্থার অংশ নয়।’
