ওঙ্কার ডেস্ক: মহার্ঘ হল বাণিজ্যিক গ্যাস। পুজোর আগে বাড়ল জ্বালানির দাম। মঙ্গলবার থেকে এই নয়া দাম কার্যকর হবে। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৯.৫০ টাকা করে বাড়ানো হয়েছে। হরমুজ প্রণালীতে জটিলতা কমার পর কমেছিল গ্যাসের দাম। কিন্তু পুজোর আগে আবারও দাম বাড়ল গ্যাসের। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে।
আগে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২,০০০ টাকার নিচে ছিল। কিন্তু লাগাতার দাম বাড়ার ফলে তা বেড়ে হয় ৩২৫৫.৫০ টাকা। পরে কেন্দ্র সরকার বাণিজ্যিক গ্যাসের দাম কমায়। আগস্ট মাসে বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম কমেছিল ২০৫ টাকা। গত আগস্ট মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২৮৭২.৫০ টাকা। মঙ্গলবার দাম বাড়ার পর তা হয়েছে ২৮৮২ টাকা।রাজধানী দিল্লিতে গ্যাসের দাম বর্তমানে ২৭৩৮ টাকা, চেন্নাইয়ে ২৯০৬ টাকা। এমনিতেই দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠেছে মানুষের। উৎসবের আগে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় হোটেল রেস্টুরেন্টে খাবারের দাম বাড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত হোটেল, রেস্টুরেন্টে এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই ১৯ কেজি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয়।
আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপর মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম ঘোষণা হয়। কখনও বাড়ানো হয় তো আবার কখনও কমানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের মধ্যে উত্তেজনার ফলে হরমুজ প্রণালী বন্ধ থাকায় লাগাতার আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়ছিল। এ বার বাড়ল গ্যাসের দাম।