সুনন্দা দত্ত, হুগলী ; বাঁশবেড়িয়া পুরসভায় গ্যাসের আকাল, বন্ধ হল মা ক্যান্টিন। নোটিশ ঝুলিয়ে দেওয়া হল মা ক্যান্টিনের বাইরে। বাঁশবেড়িয়া পৌরসভা পরিচালিত দুটি মা ক্যান্টিনে প্রায় সাত শতাধিক মানুষ প্রতিদিন মাত্র ৫ টাকায় ডিম ভাতের মিড-ডে মিল পান। ক্যান্টিনের রান্নাঘরে কর্মরত দেবী নন্দন জানান, “দুই-তিন দিন ধরে গ্যাসের সমস্যা চলছে। পুরসভার পক্ষ থেকে ছোট সিলিন্ডার দেওয়া হয়েছে, যা দিয়ে শুক্রবার পর্যন্ত রান্না করে উপভোক্তাদের পরিষেবা দেওয়া হয়েছে”। তিনি জানান তবে শনিবার কী হবে তা বলা মুশকিল। গ্যাস না পাওয়া গেলে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হবে মা ক্যান্টিন। ক্যান্টিনে খেতে আসা এক উপভোক্তা বলেন, ক্যান্টিন বন্ধ থাকলে ক্ষুধার্ত থাকতে হবে, না হলে শুকনো খাবার, মুড়ি বা চিঁড়ে খেতে হবে। যদিও বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান তাপস মুখোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারের ভুল মনোভাবের কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। তুঘলকি নির্দেশে গ্যাসের ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। গ্যাস না পাওয়া গেলে ক্যান্টিন বন্ধ করা ছাড়া উপায় নেই। ক্যান্টিন গুলো খোলা রাখার চেষ্টা চলছে।
