গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা ঘটনার প্রায় ছয় বছর পর তদন্তে বড় অগ্রগতি। ২০২০-র সেই বিতর্কিত ঘটনায় ফের নাম উঠে এল তৃণমূলের প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খানের। বর্তমানে জেলবন্দি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতা।
তদন্তকারীদের দাবি, উস্তি থানার একটি মামলায় তাঁকে নতুন করে জড়ানো হয়েছে। এই নিয়ে ওই মামলায় মোট চারজনকে পুলিশ গ্রেফতার হিসাবে দেখিয়েছে। বাকি তিন ধৃতের পরিচয় জানা গিয়েছে। তারা হলেন তৌসিফ আহমেদ, আরিফ হোসেন এবং আনিসুর রহমান।
মঙ্গলবার গভীর রাতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার জোনাল অতিরিক্ত সুপার অভিষেক মজুমদার পুরো বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের সময় ধৃতদের কাছ থেকে দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং চারটি কার্তুজ পাওয়া গিয়েছে। এর পরেই পুলিশ অস্ত্র আইনে আলাদা ধারায় আরেকটি মামলা দায়ের করেছে। আদালতে তোলা হলে চারজনকেই ছয় দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ডায়মন্ড হারবার যাওয়ার পথে নাড্ডার গাড়ির বহরে হামলার অভিযোগ ঘিরে সেবার রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির দাবি ছিল, পরিকল্পিতভাবে ইট-পাটকেল ছোড়া হয়েছিল। তখন থেকেই এই ঘটনায় জাহাঙ্গির খানের যোগসাজশের অভিযোগ উঠছিল।
এমতাবস্থায়, উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে সেদিনের হামলার কোনও যোগসূত্র আছে কি না, তা নিয়ে ধন্দে পুলিশ। ধৃতরা অস্ত্র কোথা থেকে পেল এবং এই হামলার পিছনে আর কারা জড়িত, তা জানতে জেরা করছেন গোয়েন্দারা।