ওঙ্কার ডেস্ক: কলকাতার এন্টালি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি অ্যাপ ক্যাবের ভিতর থেকে চালকের দেহ উদ্ধার হল। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের মুখে রক্তের দাগ পাওয়া গিয়েছে। তাঁর দু’টি পা দড়ি দিয়ে বাঁধা ছিল। তবে কী ভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে এন্টালি এলাকায় দীর্ঘক্ষণ একটি অ্যাপ ক্যাব দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তাঁদের সন্দেহজনক মনে হয়। ক্যাবের কাছে গিয়ে ডাকাডাকি করেও ভিতর থেকে কোনও সাড়া শব্দ মেলেনি। এরপর স্থানীয়রাই পুলিশকে খবর দেন। এন্টালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেখা যায়, ক্যাবটির দরজা ভিতর থেকে বন্ধ। পরে এক মিস্ত্রিকে ডেকে দরজার লক খোলা হয়। ক্যাবের ভিতরে এক জনের দেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর মুখে রক্তের দাগ ছিল। পা দু’টি বাঁধা ছিল দড়ি দিয়ে।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে মৃতের পরিচয়ও জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর নাম ভগবানপ্রসাদ গুপ্ত। বয়স ৪৫ বছর। তিনিই ওই অ্যাপ ক্যাবের চালক ছিলেন। প্রাথমিক অনুমান, ভগবানপ্রসাদকে খুন করা হয়ে থাকতে পারে। যদিও মৃত্যুর কারণ নিয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানায়নি পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন লালবাজারের হোমিসাইড শাখা এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। ক্যাবটি যেখানে দাঁড়িয়েছিল, তার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিবারের সদস্য, আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবার রাতে ভগবানপ্রসাদকে শেষ কার সঙ্গে দেখা গিয়েছিল, সেই তথ্যও সংগ্রহ করা হচ্ছে।