জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশের বড় সাফল্য। ৩৯টি মোবাইল ফোন সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সরিফুল দেওয়ান। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ঘুটিয়ারি শরিফ পুলিশ ফাঁড়িতে গোপন সূত্রে খবর আসে, এক যুবক প্রচুর সংখ্যক মোবাইল ফোন নিয়ে দেওয়ান পাড়া এলাকায় ঘোরাফেরা করছে। খবর পেয়েই রাতের অন্ধকারে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।
তল্লাশি চলাকালীন সন্দেহভাজন সরিফুলকে ধরে ফেলে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় ৩৯টি দামি মোবাইল ফোন। জিজ্ঞাসাবাদে ধৃত যুবক স্বীকার করেছে, মোবাইল ফোনগুলি চুরি করা।
পুলিশ ধৃতকে গ্রেফতার করার পাশাপাশি মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করেছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।