স্পোর্টস ডেস্ক: ক্রিকেট, হকির পর এবার টেবল টেনিসেও পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখাল ভারত। এশিয়ান গেমসে মহিলাদের গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ৩-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল তারা। এই ম্যাচে নজর কাড়লেন দুই বাঙালি কন্যা সুতীর্থা মুখোপাধ্যায় ও সিন্ড্রেলা দাস। নিজেদের ম্যাচ জিতলেন তাঁরা। তৃতীয় ম্যাচ জিতে ম্যাচের ফয়সালা করলেন শ্রীজা আকুলা। প্রথম ম্যাচে সুতীর্থা মুখার্জি পাকিস্তানের আলিনা খানকে ৩-০ (১১-৩, ১১-৩, ১১-৪) ব্যবধানে হারিয়ে ভারতকে এগিয়ে দেন ১-০-এ। ম্যাচ শেষে দেখা যায় সুতীর্থা ও আলিনা হ্যান্ডশেক করছেন একে অপরের সঙ্গে।
দ্বিতীয় ম্যাচে সিন্ড্রেলা দাস ৩-০ ব্যবধানে কালসুম খানকে হারান। স্কোরলাইন ছিল ১১-৬, ১১-৭, ১১-৫। এই ম্যাচ জিতে ভারত ২-০-এ এগিয়ে যায়।
এরপর তৃতীয় ম্যাচে ভারতের শ্রীজা আকুলা ১১-৪, ১১-৪, ১১-৫-এ পাকিস্তানের ফতিমা খানকে হারিয়ে ব্যবধান ৩-০ করেন। তিনটি ম্যাচের শেষেই সৌজন্য বিনিময়ের একই ছবি দেখা গিয়েছে।
এশিয়ান গেমসের এই ম্যাচে ভারতের টেবিল টেনিস খেলোয়াড়দের প্রাধান্য রেখে ৩-০ জয় যেমন নজর কেড়েছে, তেমনই ম্যাচ শেষে দুই দেশের খেলোয়াড়দের হাত মেলানোর ছবি নিয়েও চর্চা চলছে।ভারত পাকিস্তান মুখোমুখি হওয়া মানে খেলার থেকেও বেশি চর্চায় থাকে হাত মেলানো। ক্রিকেট হোক বা ফুটবল, প্লেয়াররা একে অন্যের সঙ্গে হাত মেলাবেন কি না সেটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু মহিলাদের টেবিল টেনিসে সেটা কোনও সমস্যা নয়। এশিয়ান গেমসের টেবিল টেনিসে হাত মেলালেন ভারত ও পাকিস্তানের প্লেয়ার। ম্যাচে ভারত পাকিস্তানকে ৩-০ তে উড়িয়ে দিলেও এই ছবিটা স্পোর্টসম্যানশিপের বার্তা দিল।