ওঙ্কার ডেস্ক: গত ১৩ সেপ্টেম্বর থেকে রাজ্যের একাধিক সরকারি দফতরের ওয়েবসাইটে সমস্যা দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রেই সাইট পুরোপুরি খুলছে না। কোথাও আবার ব্যাকএন্ডে কাজ করা যাচ্ছে না। ফলে জন্ম-মৃত্যু নিবন্ধিকরণ-সহ বিভিন্ন সরকারি পরিষেবা ব্যাহত হচ্ছে।
সূত্রের খবর, এর পিছনে সাইবার হামলার যোগ থাকতে পারে। আরও গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে সরকারি তথ্যভান্ডার নিয়ে। একাধিক গুরুত্বপূর্ণ নথি গায়েব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের দাবি। তবে সরকারের তরফে এখনও এই খবরের কোনও সরকারি সমর্থন পাওয়া যায়নি। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের গুরুত্বপূর্ণ নথি ডিজিটাল আকারে সংরক্ষিত থাকে পশ্চিমবঙ্গ রাজ্য তথ্যকেন্দ্রে। রাজ্য তথ্যপ্রযুক্তি দফতরের অধীন এই কেন্দ্রটি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা ওয়েবেলের নিয়ন্ত্রণে রয়েছে। সূত্রের দাবি, ৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টানা পাঁচ দিন সার্ভারে সাইবার হামলা চালানো হয়। এই সময়ে অর্থ দফতর-সহ একাধিক সরকারি দফতরের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয়ে থাকতে পারে। নষ্ট করে দেওয়া তথ্যের মধ্যে বিগত সরকারের আর্থিক লেনদেন সংক্রান্ত নথিও থাকতে পারে বলে সাইবার বিশেষজ্ঞদের আশঙ্কা। হামলার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। সেই কারণেই পূর্ত, আবাসন, পুর ও নগরোন্নয়ন এবং রাজ্য পুলিশের মতো একাধিক দফতরের ওয়েবসাইটে সমস্যা তৈরি হয়েছে।
সূত্রের দাবি, প্রথম হামলাটি হয় ৯ সেপ্টেম্বর। কিন্তু ১৩ সেপ্টেম্বর এর আগে বিষয়টি টের পাননি কর্মীরা। হামলা প্রতিরোধের চেষ্টা হলেও তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। গোটা ঘটনার তদন্তে নামে সাইবার ফরেনসিক দল। তদন্তকারীরা তখন বেশ কিছু উদ্বেগজনক তথ্য পান। প্রাথমিক তদন্তে জানা যায়, ৯ সেপ্টেম্বর থেকে পরপর পাঁচ দিন সার্ভারে ম্যালঅয়্যার স্ক্রিপ্ট চালানো হয়েছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, হামলাটি কোনও পেশাদার সাইবার গোষ্ঠীর কাজ হতে পারে। তবে কোন উদ্দেশে এই হামলা তা এখনও স্পষ্ট নয়।