স্পোর্টস ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করল জাপান। শেষ বল পর্যন্ত ম্যাচে টানটান উত্তেজনা ধরে রেখে ভারতকে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত চাপে রাখল জাপান। সানোতে অল্পের জন্য রক্ষা ভারতের!
শেষ ৮ বলে জয়ের জন্য দরকার ছিল মাত্র ৮ রান—কিন্তু চাপের মুহূর্তে দুর্দান্ত বোলিং করে সেই রান আটকেই জাপানের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচে জয় তুলে নিল ভারত!
জাপানের জন্য সত্যিই আক্ষেপের মুহূর্ত। ম্যাচের একটা বড় সময় জুড়েই জয়ের দৌড়ে ছিল তারা এবং শেষ পর্যন্ত ম্যাচটা নিজেদের দিকে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি করেছিল।
তবে বিশ্বচ্যাম্পিয়নরা আবারও দেখিয়ে দিল, বড় মঞ্চে চাপ সামলে শেষ মুহূর্তে ম্যাচ বের করে নেওয়ার ক্ষমতাই তাদের আলাদা করে!
ধারে-ভারে পিছিয়ে থাকা প্রতিপক্ষ জাপানের বিরুদ্ধে অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল গুনতে হয় ভারতীয় ব্যাটারদের। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলার চেষ্টা করে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। প্রথম ওভারেই বড় শট খেলতে গিয়ে শূন্য রানে আউট হন অভিষেক শর্মা। এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি বার ‘গোল্ডেন ডাক’ হওয়ার লজ্জার রেকর্ড গড়লেন তিনি।
পরের ওভারে দ্বিতীয় বলে বড় শট খেলতে গিয়ে আউট হন আর এক ওপেনার সঞ্জু স্যামসন (৭ বলে ৯)। তৃতীয় ওভারে ফের ধাক্কা খায় ভারত। উইকেট ছুড়ে দিয়ে আসেন ঈশান কিষান। বড় শট খেলতে গিয়ে ৬ বলে ৩ রান করে আউট হন ঈশান কিষান। ৩ ওভার শেষে ভারতের স্কোর ছিল ১৪-৩।
এর পরে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। একমাত্র দুই অঙ্কের স্কোরে পৌঁছন তিনি। ১২ বলে ১৬ রান করে আউট হন। তবে দু’রানের মাথায় তাঁর ক্যাচ ফেলেন জাপানের ফিল্ডাররা। শেষ পর্যন্ত পাঁচ ওভারে ৪ উইকেটে ৩২ রান তোলে ভারতীয় ক্রিকেট দল।